পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। আদালত রায়ে উল্লেখ করেন, মামলাটি বিদ্বেষপূর্ণ ছিল এবং বিচারিক আদালত রায়ে পক্ষপাতিত্ব করেছে।
বুধবার (৫ আগস্ট) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। আসামিদের পক্ষে আইনি লড়াই করেন ব্যারিস্টার কায়সার কামাল, যার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।
এর আগে, গত ৩০ জানুয়ারি এ মামলার আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। শুনানিতে ব্যারিস্টার কায়সার কামাল দাবি করেন, ২০১৯ সালের ৩ জুলাই পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত শেখ হাসিনাকে খুশি করতেই ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
মামলায় মোট আসামি ছিলেন ৫২ জন, যারা সবাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী। বিচার চলাকালে পাঁচ আসামির মৃত্যু হয়।
প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর শেখ হাসিনা খুলনা থেকে সৈয়দপুর যাওয়ার পথে ঈশ্বরদী রেলস্টেশনে তার ট্রেন লক্ষ্য করে গুলি ও বোমা নিক্ষেপ করা হয়। অভিযোগপত্রে বলা হয়, বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর নেতৃত্বে আসামিরা এই হামলা চালিয়েছিলেন।
ই ডি

