ঢাকা: ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসস্তূপ থেকে লোহার রড সংগ্রহে ব্যস্ত নিম্ন আয়ের মানুষ। ভাঙারি দোকানি, শ্রমিক থেকে শুরু করে কিশোর-কিশোরীরাও ধ্বংসস্তূপে হাতুড়ি, শাবল ও লোহা কাটার ব্লেড নিয়ে লোহা সংগ্রহ করছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালেও ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় ভিড় করতে দেখা গেছে সাধারণ মানুষকে। কেউ বিধ্বস্ত ভবনটি দেখছেন, কেউ স্মৃতি হিসেবে ছবি তুলছেন।
গত ৫ ফেব্রুয়ারি শেখ হাসিনার ভাষণ প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে ছাত্র-জনতার বিক্ষোভে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে বিক্ষোভকারীরা ক্রেন ও এক্সকেভেটর এনে ভবনটি ভেঙে ফেলে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত হওয়ার আগ পর্যন্ত এ বাড়িতেই থাকতেন শেখ মুজিবুর রহমান। পরবর্তীতে এটি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে রূপান্তরিত হয়। তবে সাম্প্রতিক ঘটনার পর ভবনটি সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
ই ডি

