বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি অনুষ্ঠিত হয়।
এর আগে, ঢাকার বিচারিক আদালত ২০২১ সালের ৮ ডিসেম্বর এই মামলায় রায় প্রদান করে। রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার ফাহাদ শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাকে হল থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে। এ হত্যাকাণ্ডের কারণ ছিল আবরারের ফেসবুকে ভারতবিরোধী একটি স্ট্যাটাস। রাত ৩টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এই হত্যাকাণ্ডের পর সারাদেশে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধও করা হয়। তবে গত বছর আবারও বুয়েটে ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করেছিল।
ই ডি

