প্রথম ম্যাচে খেলতে নেমে ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ায় তাওহীদ হৃদয় ও জাকের আলি অনিকের দুর্দান্ত জুটিতে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হাসান শান্ত। তবে ইনিংসের প্রথম ওভারের শেষ বলে শূন্য রানেই বিদায় নেন সৌম্য সরকার। এরপর শান্তও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রেখে শূন্য রানে আউট হন।
তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজ কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হননি। মিরাজ ১০ বলে ৫ রান ও তামিম ২৫ বলে ২৫ রান করে বিদায় নেন। মুশফিকও শূন্য রানে আউট হলে ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।
এই পরিস্থিতিতে ষষ্ঠ উইকেটে ২০৬ বলে ১৫৪ রানের দুর্দান্ত জুটি গড়েন হৃদয় ও জাকের। ৪৩তম ওভারে জাকের ১১৪ বলে ৬৮ রান করে বিদায় নিলেও হৃদয় একাই লড়াই চালিয়ে যান। শেষ পর্যন্ত ১১৮ বলে ৬ চার ও ২ ছক্কায় ১০০ রান করে আউট হন তিনি। রিশাদ হোসেন ১২ বলে ১৮ ও তাসকিন আহমেদ ৩ রান করেন।
ভারতের পক্ষে মোহাম্মদ শামি ৫৩ রানে ৫ উইকেট নেন। হারশিত রানা ৩টি ও অক্ষর প্যাটেল ২টি উইকেট শিকার করেন। সব উইকেট হারিয়ে বাংলাদেশ ৪৯.৪ ওভারে সংগ্রহ করে ২২৮ রান।
ই ডি

