বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, চিকিৎসার জন্য যুক্তরাজ্যে থাকলেও তিনি সবসময় জনগণের পাশে আছেন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিএনপির বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে দল ও জাতির স্বার্থে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্র ও প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে নানা ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
খালেদা জিয়া বলেন, অসুস্থতার কারণে দেশের বাইরে থাকলেও দলের নেতাকর্মীদের প্রতি তার ভালোবাসা ও সংযোগ অটুট রয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা ১৫ বছর ধরে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অনেক নেতা-কর্মী প্রাণ দিয়েছেন, অনেকেই মিথ্যা মামলায় জর্জরিত হয়ে ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। তাদের এই ত্যাগ শুধু দল নয়, পুরো জাতি স্মরণ রাখবে।
দীর্ঘ ছয় বছর পর ফ্যাসিস্ট সরকারের বিদায়ে একত্রিত হতে পেরে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানান এবং আন্দোলনে জীবন উৎসর্গ করা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দেশ বর্তমানে সংকটময় সময় পার করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ন্যূনতম সংস্কার শেষে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হবে। ব্যক্তি নয়, দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। তাই সবাইকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, তার অবর্তমানে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছেন। তাই এমন কোনো কাজ করা যাবে না যাতে এতদিনের সংগ্রাম ব্যর্থ হয়। ফ্যাসিস্ট সরকার এখনো বিএনপির আন্দোলনের অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে সুসংহতভাবে এগিয়ে নিতে হবে। প্রতিহিংসার রাজনীতি নয়, ভ্রাতৃত্বের মাধ্যমে দেশকে একটি বাসযোগ্য, উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে হবে।
ই ডি

