আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জোবাইদা রহমান, ছোটছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি।
এর আগে, ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ওই সময় তিন মাস তারেক রহমানের বাসায় অবস্থান করেন। পরিবারের সদস্যদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করেন। এরপর দীর্ঘদিন কারাগারে থাকায় পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করা হয়নি তাঁর।
চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। ৮ থেকে ২৪ জানুয়ারি তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসা নেন। এরপর তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেন, দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। এ ছাড়া তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল দলের সদস্যরা সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন। শারীরিকভাবে এখন খালেদা জিয়া অনেকটা সুস্থ। তিনি মানসিকভাবেও চাঙ্গা।
বিএনপির জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, সুস্থ হয়ে দ্রুত দেশে ফিরে আসবেন বিএনপি প্রধান।
দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন। আমরা সবাই আশা করছি এবং দেশবাসী অপেক্ষায় আছে বেগম জিয়া দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। গণতান্ত্রিক বাংলাদেশ পুননির্মাণে তিনি আমাদের নেতৃত্ব দেবেন। খুব দ্রুতই তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’
খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হলে বিএনপি আরও শক্তিশালী হবে বলে মনে করছেন বিএনপির নেতা-কর্মীরা।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

