বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

স্বস্তির খবর ব্রাজিল শিবিরে, সতীর্থদের সঙ্গে অনুশীলনে ফিরলেন নেইমার

বিশ্বকাপের শুরুতেই চোটের কারণে মাঠের বাইরে থাকা নেইমারকে নিয়ে অবশেষে স্বস্তির খবর পেয়েছে ব্রাজিল। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে প্রথমবারের মতো সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন সেলেসাওদের তারকা ফরোয়ার্ড।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বুধবার অনুষ্ঠিত দলের অনুশীলনে শুরুতে আলাদাভাবে ওয়ার্ম-আপ করেন ৩৪ বছর বয়সী নেইমার। পরে দলের সঙ্গে বিভিন্ন ড্রিলেও অংশ নিতে দেখা যায় তাকে। বিশ্বকাপের আগে পাওয়া কাফের চোট কাটিয়ে ফেরার পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত ১৭ মে ক্লাব দল সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের কাফে চোট পান নেইমার। এরপর থেকে মাঠের বাইরে থাকা এই তারকা বিশ্বকাপ দলে জায়গা পেলেও এখন পর্যন্ত কোনো ম্যাচে খেলতে পারেননি। মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তিনি বেঞ্চে থাকলেও মাঠে নামেননি।

ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। মঙ্গলবার প্রথমবারের মতো তিনি বল নিয়ে অনুশীলন করেন। আর বুধবার সতীর্থদের সঙ্গে অনুশীলনে অংশ নিয়ে মাঠে ফেরার পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন।

তবে শনিবার হাইতির বিপক্ষে ম্যাচে তাকে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দলের মেডিকেল বিভাগ ও কোচিং স্টাফ কোনো ঝুঁকি নিতে চায় না। তাই পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষেই তারা।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ফলে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে ভালো ফল অর্জন করা দলটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে নেইমারের অনুশীলনে ফেরা ব্রাজিল শিবিরে নতুন আশার সঞ্চার করেছে।

এর আগে কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছিলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে দলে ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন। ব্রাজিল শিবিরের প্রত্যাশা, নকআউট পর্ব শুরু হওয়ার আগেই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরবেন দলের সবচেয়ে অভিজ্ঞ এই তারকা।

উল্লেখ্য, নেইমার ব্রাজিলের অন্যতম সফল ফুটবলার এবং জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা।

সাব্বির, চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

দক্ষ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ সেনা অফিসার গড়তে বিএমএর ভূমিকা অনন্য: সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব...

কুমিল্লা বোর্ডে ৮ কলেজে নেই একজনও এইচএসসি পরীক্ষার্থী, তদন্তের ঘোষণা

কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আটটি...

হজযাত্রীদের স্বস্তি দিতে খরচ কমানোর উদ্যোগ, জানালেন প্রধানমন্ত্রী

পবিত্র হজ পালনের ব্যয় কমিয়ে সাধারণ মানুষের জন্য আরও...