ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল সাইয়্যিদ আলি হুসাইনি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে ইরান সফরের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপি সূত্র জানিয়েছে, এ সফরের জন্য তিনি ইতোমধ্যে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাসে ভিসার আবেদন করেছেন। তবে এখনো ভিসা না পাওয়ায় বিমানের টিকিট কাটা হয়নি। ফলে কবে এবং কোন ফ্লাইটে তিনি ঢাকা ছাড়বেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
দলীয় সূত্র আরও জানায়, ইরানের সর্বোচ্চ নেতার জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ভিসা হাতে পাওয়ার পর সফরের সময়সূচি নির্ধারণ করা হবে।
এদিকে একই অনুষ্ঠানে যোগ দিতে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ এবং প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর তিনজন সংসদ সদস্যেরও ইরান সফরের কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক নেতা জানান, ইরানের প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা জানাতে এই সফর গুরুত্বপূর্ণ। তাদের মতে, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও ইরানের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে। পাশাপাশি এনসিপিরও দেশটির সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হবে।
সাব্বির, চট্টলা২৪

