জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলাম।
বুধবার (১ জুলাই) রাজধানীর রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই হত্যা মামলার তদন্ত ও বিচার কার্যক্রম ধীরগতিতে চলছে। এই প্রক্রিয়া আরও দ্রুত এগিয়ে নিতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তার বিরুদ্ধে দেওয়া ফাঁসির রায় কার্যকরের আহ্বান জানান।
হাসানুল হক ইনুর প্রসঙ্গ তুলে তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী হিসেবে ইনুর বিরুদ্ধে ১০ বছরের সাজা যথেষ্ট নয়। আপিলের মাধ্যমে তার আরও কঠোর শাস্তি নিশ্চিত হবে বলে প্রত্যাশা করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সাব্বির, চট্টলা২৪

