রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা স্ট্রোকে আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর কার্ডিয়াক বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি হওয়ার সময় তার হৃদ্যন্ত্র-সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিয়েছিল।
পরিবারের দাবি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর থেকেই ছেলেকে নিয়ে তিনি তীব্র মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তার মধ্যে ছিলেন। কারাগারে থাকা ছেলের শারীরিক অবস্থা, পাশাপাশি একের পর এক জামিন আবেদন নাকচ হওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। সর্বশেষ জামিন শুনানি নিয়েও পরিবারের আশা পূরণ না হওয়ায় তার মানসিক চাপ আরও বেড়ে যায়।
এ বিষয়ে শ্রী শ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ-অভ্যর্থনা বিষয়ক সম্পাদক পলাশ সেন বলেন, জামিন আবেদন নাকচ হওয়ার পর থেকেই চিন্ময় কৃষ্ণ দাসের মা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুত্রকে নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ ও মানসিক চাপের মধ্যেই তিনি স্ট্রোক করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসকে ঘিরে উদ্বেগ, স্ট্রোকে আক্রান্ত তিনি।
সোহইল,চট্টলা২৪

