দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামীকে হত্যা করে মরদেহ ছয় টুকরো করার মামলায় স্ত্রী ফাতেমা বেগম ওরফে শিল্পীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার ১৬তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নাজমুন নাহার নিপু এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২১ সালে রাজধানীর মহাখালী এলাকায় এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে বিরোধের জেরে ফাতেমা বেগম ওরফে শিল্পী তাকে হত্যা করেন। পরে হত্যার ঘটনা গোপন করতে মরদেহ ছয় টুকরো করে রাজধানীর বিভিন্ন স্থানে ফেলে দেন।
তদন্তে জানা যায়, মরদেহের মূল অংশ মহাখালীর আমতলী সড়ক থেকে উদ্ধার করা হয়। দুই হাত ও দুই পা উদ্ধার করা হয় মহাখালীর এনা বাস কাউন্টারের সামনের সড়ক থেকে। আর মাথাটি উদ্ধার করা হয় বনানী-১১ নম্বর এলাকার লেক থেকে। ঘটনার পর পুলিশ ফাতেমা বেগম ওরফে শিল্পীকে গ্রেপ্তার করে।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
রাষ্ট্রপক্ষ জানায়, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক আলামতের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
ফারুক, চট্টলা২৪

