চট্টগ্রামের ঐতিহ্যবাহী টেরিবাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ সভায় বিগত বছরের কার্যক্রম ও অর্জন পর্যালোচনার পাশাপাশি ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন সমিতির নেতৃবৃন্দ।
সোমবার (২৩ নভেম্বর) নগরীর কেবি কনভেনশন হলে এ সভার আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, মো. নাছির উদ্দিন, চৌধুরী বেলায়েত হোসেন, খাইরুল ইসলাম বকশিসহ সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীরা।
সভায় সমিতির বিগত কমিটির কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। একই সঙ্গে টেরিবাজারের ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, ব্যবসায়ীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সমিতির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন সদস্যরা।
এ সময় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও পরামর্শ তুলে ধরা হয়। ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

