দাম নিয়ন্ত্রণে রাখতে ৪৩ প্রতিষ্ঠানকে আরো ১৯ কোটি ৩০ লাখ ডিম আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে।
আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, গত ১৮ নভেম্বর এই ডিম আমদানির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমদানি-রপ্তানিবিষয়ক প্রধান নিয়ন্ত্রকের দপ্তরকে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। শিগগিরই এ বিষয়ে আদেশ জারি হবে।
লাগামহীন ডিমের বাজার নিয়ন্ত্রণে গত ১৫ সেপ্টেম্বর ডিমের ‘যৌক্তিক দাম’ নির্ধারণ করে দিয়েছিল কৃষি বিপণন অধিদপ্তর। সে অনুযায়ী প্রতিটি ডিমের দাম উৎপাদন পর্যায়ে ১০ টাকা ৫৮ পয়সা, পাইকারি পর্যায়ে ১১ টাকা ১ পয়সা ও খুচরা পর্যায়ে ১১ টাকা ৮৭ পয়সা (ডজন ১৪২ টাকা ৪৪ পয়সা) বিক্রি হওয়ার কথা। কিন্তু তাতেও বাজার নিয়ন্ত্রণে না এলে ১৭ অক্টোবর ডিম আমদানিতে করছাড় ঘোষণা করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ডিম আমদানিতে শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এ শুল্ক-সুবিধা থাকবে।বর্তমানে খুচরা পর্যায়ে প্রতিডজন ডিম ১৪৪-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।\
খান\চট্টলা২৪

