শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

২০২৪ সালে রাজনৈতিক সহিংসতায় নিহত ১১৮০, আহত ৩৭ হাজার

চট্টলা২৪ ডেস্ক: ২০২৪ সালে বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৮০ জন, আহত হয়েছেন ৩৭ হাজার ৫১ জন। এর মধ্যে জুলাই ও আগস্ট মাসের গণআন্দোলনে নিহত হয়েছেন ১ হাজার ১৩ জন এবং আহত হয়েছেন ৩০ হাজারের বেশি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এক সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করে। ১২টি জাতীয় দৈনিক এবং সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছে সংগঠনটি। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮০। আহত হয়েছেন ৩৭ হাজার ৫১ জন। এর মধ্যে শুধু জুলাই-আগস্টে নিহত ১ হাজার ১৩ জন। জাতীয় ও স্থানীয় নির্বাচন কেন্দ্রিক সহিংসতায় নিহত হয়েছেন ৪৩ জন, যাদের বেশিরভাগই ক্ষমতাসীন দলের কর্মী।

২০২৪ সালে ১৬টি গুমের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯ জনকে পরবর্তীতে গ্রেফতার দেখানো হলেও একজনের কোনো খোঁজ মেলেনি। এ সময়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে মারা গেছেন ২৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে ১১২টি। এতে ৫ জন নিহত ও ৮৩ জন আহত হন। ভাঙচুর হয়েছে ২৮টি মন্দির এবং ৩১টি প্রতিমা। বসতবাড়ি ও দোকান লুটপাটের ঘটনাও উল্লেখযোগ্য।

২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে ৩০৮টি। এতে ১০ জন সাংবাদিক নিহত হন এবং ৪৫৯ জন আহত হন। সাইবার নিরাপত্তা আইন ২০২৩-এর অধীনে দায়ের করা মামলায় গ্রেফতার হয়েছেন ২১ জন

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় ১ হাজার ৪৯৮ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন। ধর্ষণের শিকার হয়েছেন ৫৫৭ জন, যাদের অর্ধেকই শিশু। যৌতুকের জন্য প্রাণ হারিয়েছেন ৪৮ জন নারী।

২০২৪ সালের নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ২ হাজার ৫৩৮ জন। এ সময়ে প্রায় ৭৫২টি ঘটনায় ৪৩ জন নিহত হন।

সংবাদ সম্মেলনে এইচআরএসএস-এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলনে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মনিরুজ্জামান ও ডকুমেন্টেশন অফিসার জবা ইয়াসমিন।

এআরই/ ইডি/চট্টলা২৪

সর্বশেষ

আরও পড়ুন
বিষয়

শিশু নিখোঁজ হলে সবার আগে যা করবেন

৩ সেপ্টেম্বর বিকেলের ঘটনা। আমার বাসার সহকারীর আসল নাম...

চট্টগ্রামে বিয়ে শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নারীসহ নিহত ২

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার...