শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ ঘোষিত যেকোনো সংগঠনের অপতৎপরতা ঠেকাতে পুলিশ প্রস্তুত বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।
আজ রোববার সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বলেন, ‘এবার ঈদে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। তবে সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জাতীয় ঈদগাহ ও রাজধানীর ঈদ জামাতগুলোকে কেন্দ্র করে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সাজ্জাত আলী বলেন, সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগায় নামাজ আদায় করবেন। এবার নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ সদস্যের পাশাপাশি সিটিটিসি, এটিইউ, সাদা পোশাকের গোয়েন্দা পুলিশ, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন।
এক প্রশ্নের উত্তরে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা সবসময় সতর্ক আছি। বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধঘোষিত যে সব দল আছে সেসব দল যাতে কোনো রকম অ্যাকটিভিটিজ পরিচালনা না করতে পারে সে ব্যপারে আমরা সদা সতর্ক।
ডেস্ক নিউজ/চট্টলা’২৪ হৃদয়

