এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ পরীক্ষায় অংশ নিচ্ছেন না, যা শিক্ষাসংশ্লিষ্টদের কাছে অস্বাভাবিক বলে মনে হচ্ছে।
আজ, বৃহস্পতিবার, শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ডগুলোর তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একাদশ শ্রেণিতে নিবন্ধন করেছিল প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। তবে তাঁদের মধ্যে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফরম পূরণ করেছেন মাত্র সাড়ে ৯ লাখ শিক্ষার্থী। ফলে প্রায় সাড়ে ৫ লাখ নিয়মিত শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।
গত বছর নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষা না দেওয়ার হার ছিল ২৯ শতাংশের কিছু বেশি। সে তুলনায় এ বছর হারটি প্রায় ৭ শতাংশ পয়েন্ট বেড়ে ৩৬ শতাংশে পৌঁছেছে। গত বছর নিবন্ধিত শিক্ষার্থীদের মধ্যে সোয়া ৪ লাখের বেশি পরীক্ষায় অংশ নেননি।
সাম্প্রতিক বছরগুলোতে পাবলিক পরীক্ষায় ফরম পূরণ করার পরও অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। গত বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর আগের বছর প্রথম দিনে অনুপস্থিতির সংখ্যা ছিল ১৫ হাজার ২০৩ জন।
সাব্বির,চট্টালা২৪

