দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ১১টি শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন শিক্ষার্থী।
শনিবার (৪ জুলাই) ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা (আবশ্যিক) দ্বিতীয় পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, বিদেশের আটটি কেন্দ্র বাদে দেশের ২ হাজার ৬৯১টি কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মোট ১০ লাখ ৩০ হাজার ৮০৬ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১০ লাখ ৩ হাজার ৪৭৯ জন। অনুপস্থিত ছিল ২৭ হাজার ৩২৭ জন।
অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ১৭ পরীক্ষার্থীর মধ্যে মাদ্রাসা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ ৭ জন, কারিগরি শিক্ষা বোর্ডে ৩ জন এবং ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ৭ জন রয়েছে।
সাধারণ শিক্ষা বোর্ডে চিত্র
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট ১ হাজার ৬২০টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৮ লাখ ৬০ হাজার ৭৬৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৮ লাখ ৪১ হাজার ১২৫ জন। অনুপস্থিত ছিল ১৯ হাজার ৬৩৯ জন এবং বহিষ্কার করা হয় ৭ জনকে।
বোর্ডভিত্তিক হিসাবে ঢাকা বোর্ডে ৪ হাজার ৪৫৬, রাজশাহী বোর্ডে ২ হাজার ৮৪৬ (বহিষ্কার ১), কুমিল্লা বোর্ডে ১ হাজার ৯৫৬ (বহিষ্কার ২), যশোর বোর্ডে ২ হাজার ৩৬২, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৬৯০, সিলেট বোর্ডে ১ হাজার ২৭৬, বরিশাল বোর্ডে ১ হাজার ৪৬৭ (বহিষ্কার ২), দিনাজপুর বোর্ডে ২ হাজার ২৫১ (বহিষ্কার ১) এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ৩৩৫ জন (বহিষ্কার ১) পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
মাদ্রাসা ও কারিগরি বোর্ড
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪৬০টি কেন্দ্রে আলিমের আরবি প্রথম পত্র ও আরবি সাহিত্য পরীক্ষায় মোট ৮৪ হাজার ২৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৭৯ হাজার ৯১ জন। অনুপস্থিত ছিল ৫ হাজার ২০২ জন। এই বোর্ডে সর্বোচ্চ ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১১টি কেন্দ্রে এইচএসসি ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় ৮৫ হাজার ৭৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৮৩ হাজার ২৬৩ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৪৮৬ জন। অসদুপায় অবলম্বনের দায়ে এ বোর্ডে ৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সার্বিকভাবে সারা দেশের দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ ও সন্তোষজনক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সাব্বির, চট্টলা২৪

